ব্রাজিলের কোচ লুইস ফেলিপ স্কলারি এবং সেমিফাইনালে দলের ক্যাপ্টেন ডেভিড লুইজ জার্মানির কাছে হারের প্রতিক্রিয়ায় নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন। হারের দায় নিজের কাঁধে নিয়েছেন স্কলারি। আর ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চেয়েছেন লুইজ।
খেলা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্কলারি বলেন, ''এ সর্বনাশা হারের জন্য আমি দায়ী। সিদ্ধান্তগুলো আমিই নিয়েছি। তাই এর দায়ভারও আমার।''
ব্রাজিলের আরও কোচ বলেন, ''আজ যা ঘটল তার সঙ্গে আমরা কিভাবে খেলেছি তার সম্পর্ক সামান্য। প্রথম গোলের পর আমরা বিশৃঙ্খল ও আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এটা স্বাভাবিক নয়। তবে এধরণের ঘটনা ঘটে থাকে। আমরা শক্তিশালী দলের কাছে হেরেছি।''
তিনি বলেন, ''আমি কিছুই পরিবর্তন করিনি। গোলের পর গোল হচ্ছিল। ভেঙ্গেপড়ার এমন মূহুর্তে কিছুই করার থাকে না।''
ব্রাজিল দল ঠিক পথেই আছে উল্লেখ করে তিনি বলেন, ''জার্মানি যেমন ছিল আমরাও একই পথে আছি। এ দলের ২৩ জনের মধ্যে ২০১৮ সালের বিশ্বকাপে অন্তত ১৪/১৫ জন থাকবে।''
অবশ্য গত ১৮ মাসে ভালো করেছেন এবং সেমিফাইনালে হারকে এ সময়ের একমাত্র পরাজয় উল্লেখ করেন তিনি।
এদিকে, নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভার অনুপস্থিতে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়া ডেভিড লুইজ নিজের হতাশা ঢেকে রাখতে পারেননি। ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চেয়েছেন এই সেন্টার ব্যাক।
কান্নাভেজা কণ্ঠে সাংবাদিকদের লুইজ বলেন, ''আমরা মানুষকে খুশি করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আমি সকল ব্রাজিলিয়ানদের কাছে ক্ষমা চাই। সবাই জানে ব্রাজিলকে খুশি করতে জয়টা কত গুরুত্বপূর্ণ ছিল।''







