‘গোলমেশিন’ ক্রিস্টিয়ানো রোনালদোকে থামাতে পারলো না ফিওরেন্তিনাও। ২০১৪ সালের নভেম্বর ও ২০১৮ সালের মে মাসের পর আবারও লিগে টানা ৯ ম্যাচ গোল করলেন পর্তুগিজ উইঙ্গার। তাতে গত রবিবার নাপোলির কাছে ২-১ গোলে হারের দুঃখ পেছনে ফেললো জুভেন্টাস। তার জোড়া গোলে এক সপ্তাহ পর সিরি ‘আ’তে জয়ে ফিরলো টানা ৮ বারের চ্যাম্পিয়নরা, ৩-০ গোলে হারালো ফিওরেন্তিনাকে।
জুভেন্টাস প্রথম দল হিসেবে সিরি ‘আ’তে ১৬০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানকে ৬ পয়েন্ট পেছনে ফেলে শীর্ষে তারা। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট জুভেদের। এক ম্যাচ কম খেলা ইন্টার (৪৮) ব্যবধান ঘোচাতে রাতে উদিনেসির মাঠে নামবে।
গত ১ ডিসেম্বর সাসসুওলোর বিপক্ষে শুরু, টানা ৯ ম্যাচে ১৪ গোল এবং সব মিলিয়ে এ মৌসুমে ১৯টি লিগ গোল রোনালদোর। ২০০৫ সালে দাভিদ ত্রেজেগের পর ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৯ ম্যাচে গোল সিআর-সেভেনের। ৪০ ও ৮০ মিনিটে দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে এসে দেড় বছরে ৭০ ম্যাচ খেলে তুরিনের ক্লাবটির জার্সিতে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ম্যাচের অন্য গোলটি মাথিস ডি লিখটের।
মিরালেম পিয়ানিচের ২২ গজ দূর থেকে নেওয়া শট বক্সের মধ্যে জার্মান পেজ্জেয়ার বাঁহাতে লাগলে পেনাল্টি পায় জুভেন্টাস। ঠাণ্ডা মাথায় নিচু ও কোনাকুনি শটে বাঁ দিক দিয়ে জালে বল জড়ান রোনালদো। ফিওরেন্তিনা গোলকিপার বার্তোমিয়ে দ্রাগোভস্কি তার শটের বিপরীতে ঝাঁপ দেন।
পরের পেনাল্টি জুভেন্টাস পায় ক্ষিপ্রগতিতে এগিয়ে আসা বেন্তানকুরকে বক্সের মধ্যে ফেদেরিকো চেচেরিনি ফেলে দিলে। এবারও একইভাবে দ্রাগোভস্কিকে পরাস্ত করেন রোনালদো। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি লিখটের হেডে আরও একটি গোল যোগ করে স্বাগতিকেরা। গোলের ফাইনাল পাসটি ছিল পাউলো দিবালার।






