করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক জায়গায় দর্শকবিহীন ফুটবল লিগ চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও(বাফুফে) পরোক্ষে তাই চাইছে। চলমান প্রিমিয়ার লিগে দর্শক যাতে কম হয়, সেজন্য ক্লাবগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার লিগ কমিটির জরুরি সভা শেষে চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এমন কথাই বলেছেন।
লিগের ম্যাচ আগের মতোই সাত ভেন্যুতে হবে। তবে ক্লাবগুলো যেন তাদের সমর্থক মাঠে কম আনেন, সেটাই চাইছেন কর্মকর্তারা। সালাম মুর্শেদী বলেছেন, ‘আমরা সাময়িকভাবে ক্লাবগুলোকে বলেছি। তাদের যে সমর্থক আছে, তাদের মাঠে কম আনার জন্য পরামর্শ দিচ্ছি।’
এজন্য যেখানে খেলা চালানোর জন্য আনুষ্ঠানিকতার দরকার হয়, তা এড়িয়ে যাওয়ারও পরামর্শও এসেছে, ‘অনেক সময় খেলা চালাতে আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়। হ্যান্ডশেকসহ অনেক কিছু করতে হয়। সেগুলো যেন না করা হয়। এসব থেকে বিরত থাকতে হবে।’
লিগে খেলোয়াড়দের দায়িত্ব ক্লাবগুলোর। সেটা মনে করিয়ে দিয়েছেন সালাম মুশের্দী, ‘ফুটবল খেলবে ক্লাব। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের দায়িত্ব নিয়েছে ক্লাব। সবারই তো একই সমস্যা। আমরা যেহেতু খেলছি, এখন সবাইকে সেভাবে চলতে হবে। প্রিমিয়ার লিগ এগিয়ে এনে ১৯ মার্চ থেকে আবারও শুরু হবে।’ লিগ আপাতত বন্ধ হবে না বলে জানিয়েছেন লিগ কমিটির প্রধান, ‘আমি এই মুহূর্তে লিগ বন্ধ করার পক্ষপাতী নই। বন্ধ রাখলে সবারই সমস্যা।’








