হারের শোকে কতটা কাতর ছিলেন নেইমার, চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে টিভি ক্যামেরায় ধরা পড়েছে স্পষ্ট। বুকের ভেতরে দলা পাকানো কষ্ট কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তাকে। স্বপ্নের ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে থাকলেও পাওয়া হয়নি। বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলের হারে হতাশায় নিমজ্জিত ব্রাজিলিয়ান তারকা। এই শোক কাটিয়ে ওঠা সহজ ব্যাপার নয়। ম্যাচ শেষে অভিনন্দনের বার্তায় যার স্পষ্ট প্রভাব। প্রতিপক্ষ বায়ার্নকে শুভেচ্ছা জানাতে গিয়ে নেইমার লিখেছেন আরেক জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের নাম!
লিসবনের ফাইনাল দিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ সামনে এসেছিল প্যারিস সেন্ত জার্মেইয়ের। পেট্রো ডলারে কাতারের ‘ড্রিম প্রজেক্ট’ লক্ষ্য থেকে ছিল হাতছোঁয়া দূরত্বে। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা বায়ার্নের কাছে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। হতাশা সম্ভবত সবচেয়ে বেশি গ্রাস করেছে নেইমারকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোখ গড়িয়ে এসেছে জলধারা। বার্সেলোনা থেকে বেরিয়ে নিজেকে প্রমাণের সবচেয়ে বড় সুযোগটা একটুর জন্য হাত ফসকে বেরিয়ে যাওয়ার যন্ত্রণার আগুনে পুড়ছেন তিনি।
মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরও স্বাভাবিক হতে পারেননি নেইমার। যার প্রমাণ তার টুইটার পোস্ট। বায়ার্নের কাছে হেরে হৃদয় ভাঙলেও জার্মান ক্লাবকে অভিনন্দন জানাতে ছিল তার টুইট। কিন্তু সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড ভুল করে বসলেন, বায়ার্নের জায়গায় অভিনন্দন জানালেন বায়ার লেভারকুসেনকে!
‘হার খেলারই অংশ। আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং লড়াই করেছি শেষ পর্যন্ত। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। একই সঙ্গে অভিনন্দন বায়ারকে।’- টুইটের শেষের অংশেই ভুল করে বসেছেন নেইমার।
ব্রাজিলিয়ান তারকার টুইটের জবাব দ্রুতই দিয়েছে লেভারকুসেন। অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জার্মান ক্লাবটি লিখেছে, ‘ধন্যবাদ নেইমার। আমি ঠিক নিশ্চিত নই কেন আমাকে অভিনন্দন জানালো হলো, আমি এখন ছুটিতে ফিফা খেলছি। যাইহোক, ধন্যবাদ।’







