টানা ৮ ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইডেট। সঙ্গে রয়েছে চোট। শনিবার প্রিমিয়ার লিগের খেলায় সোয়ানসি সিটির বিপক্ষে মিডফিল্ডার হোসে লিংগার্ড খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে তিনি। পায়ের চোটের কারণে অ্যান্তোনিয় ভ্যালেন্সিয়া ও লুক শ'কেও পাচ্ছে না ম্যানইউ। মার্কোস রোহোও কাঁধের চোটের কারণে সাইড বেঞ্চে রয়েছেন।
এই মুহূর্তে দলের একমাত্র ভরসা ওয়েন রুনি। গত ম্যাচে চেলসির বিপক্ষের ম্যাচে গোল না পেলেও বেশ ভালোই খেলেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।সোয়ানসি পয়েন্ট তালিকার ১৭ নং দল হলেও এই ম্যাচকে সামনে রেখে ফন গালের কপালে ভাজ বাড়ার যথেষ্ট কারণ আছে। ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব নেওয়ার পর সোয়ানসির বিপক্ষে ৩ বারের সাক্ষাতে জয়ের কোনও রেকর্ড নেই গালের। এমতাবস্থায় দলের ভাগ্য ফেরানোর জন্য তার কাছে কোনও ‘ম্যাজিক ফর্মুলা’ নেই বলেও সংবাদ সম্মেলনে জানালেন ফন গাল।
পাশাপাশি দিনটা কঠিন হতে পারে ম্যানইউর নগর প্রতিদ্বদ্বী ম্যানচেস্টার সিটির জন্যেও। প্রিমিয়ার লিগের পয়েণ্ট তালিকার ৯ নম্বরে ওয়াটফোর্ড। আর তিনে ম্যানসিটি। দুই দলের মুখোমুখি ১৩ বারের লড়াইয়ে জয় সমান ৫ টি করে। তবে ম্যানুয়েল পেলিগ্রিনির দলটির অনুপ্রেরণা হতে পারে গত আগস্টের ম্যাচটি। ঘরের মাঠে ম্যাচটি ২-০ গোলে জিতেছিল আকাশি নীলরা।
একই দিনে ওয়েস্টহাম মাঠে খেলবে ব্যর্থতা কাটানোর মিশনে লড়তে থাকা আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল। যদিও গত দুই ম্যাচে সান্ডারল্যান্ড ও লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের একই ব্যবধানের জয় পায় ইয়ুর্গন ক্লপের দল। রেড ডেভিলদের এমন সুখস্মৃতির পাশে চিন্তার বিষয় হল, গেল আগস্টে ৫২ বছর পর তাদের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরে ওয়েস্টহাম। আজকের ম্যাচটি তাই রেড ডেভিলদের জন্যে প্রতিশোধেরও বটে। পয়েন্ট তালিকাতেও দু’দলের অবস্থান পাশাপাশি। ৭ নম্বরে থাকা লিভারপুলের চেয়ে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরের অবস্থানে ওয়েস্ট হ্যাম। ম্যাচটিতে তাই ক্লপকে একটু বাড়তি মনোযোগ দিতেই হচ্ছে।
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল লিস্টার সিটি ও আর্সেনাল অবশ্য এদিন নির্ভার হয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছে। একে তো ঘরের মাঠে খেলা, তারপর তাদের প্রতিপক্ষও অবনমনের শঙ্কায় থাকা দল যথাক্রমে বোর্নমাউথ ও নিউক্যাসল।
ইপিএলে আজকের খেলা:
ম্যানইউ-সোয়ানসি, ৮টা ৪৫ মিনিট
ওয়েস্টহাম-লিভারপুল, সন্ধ্যা সাড়ে ৬টা
আর্সেনাল-নিউক্যাসল, রাত ৯টা ১৫ মিনিট
ওয়াটফোর্ড-ম্যানসিটি, রাত ১১টা ১৫ মিনিট
লিস্টার-বোর্নমাউথ, রাত ৯টা ১৫ মিনিট
নরউইচ-সাউদাম্পটন, রাত ৯টা ১৫ মিনিট
সান্ডারল্যান্ড-অ্যাস্টন ভিয়া, রাত ৯টা ১৫ মিনিট
ওয়েস্ট ব্রম-স্টোক, রাত ৯টা ১৫ মিনিট।
/এমআর/







