ম্যাচ শেষে মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন শেখ জামালের খেলোয়াড়-কোচ ও কর্মকর্তারা। কারণটাও স্বাভাবিক। বসুন্ধরার বিপক্ষে ৮৮ মিনিটে তাদের নিশ্চিত গোল যে বাতিল করে দিয়েছেন রেফারি জালাল উদ্দিন! এ নিয়ে মাঠের পাশাপাশি প্রেস বক্সে এসে কোচ শফিকু্ল ইসলাম মানিক ক্ষোভ প্রকাশ করেছেন।
এই অভিজ্ঞ কোচ বলেছেন, ‘আমরা মাঠে খোলা চোখেও দেখেছি, ভিডিও ফুটেজেও দেখেছি, এটা ভুল কোনো সিদ্ধান্ত না। রেফারি উদ্দেশ্যমূলকভাবে সিদ্ধান্ত দিয়েছে, বাঁশি বাজিয়েছে। এটা আমাদের বিপক্ষে গিয়েছে। কার সঙ্গে খেলছি বিষয়টা সেটা নয়, আমরা গোলবঞ্চিত হয়েছি। না হলে আমাদের জয় নিশ্চিত ছিল।’
নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরে মানিক আরও বলেছেন, ‘জোবের তো ফাউল করার প্রশ্নই ওঠে না। ফাউল যদি করা হয়েও থাকে, সেটা তপু করেছে। এখানে টাসেলের কিছু নেই। এটা নিশ্চিত গোল। গোলটা বাতিল করা আমাদের বিপক্ষে গেছে। আমরা লিগ টেবিলের শীর্ষে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু এটা থেকে আমরা বঞ্চিত হয়েছি।’
এরপরই শঙ্কা প্রকাশ করে শেখ জামাল কোচ বলেছেন, ‘বিগত ম্যাচেও আমাদের একজন খেলোয়াড়কে লালকার্ড দেওয়া হয়েছে, সেটাও আমি মনে করি ফেয়ার ছিল না। ব্যাপারগুলো আমার কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে। রেফারিরা আমাদের বিপক্ষে বাঁশি বাজাচ্ছে। দীর্ঘ মেয়াদে যদি এভাবে চলতে থাকে, তাহলে হয়তো বেশিদূর এগুতে পারবো না।’
তাই এর প্রতিকার চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে মানিকের আবেদন, ‘আমি মনে করি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিষয়গুলো দেখার সময় এসেছে। রেফারি জালাল ম্যাচের ভিডিও ফুটেজ দেবে। আশা করি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। যাতে আগামীতে রেফারিরা সঠিক সিদ্ধান্ত দেয়।’







