যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপের খেলায় গ্যালারির টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫০ ও ১০০ টাকা। এছাড়া ভিআইপি টিকেটের মূল্য ধরা হয়েছে যথ্ক্রমে ২০০ ও ৩০০ টাকা।
আজ বিকেলে যশোরের জেলা প্রশাসকের অফিসে আয়োজক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় টিকেটের মূল্যসহ টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক ডা. হুমায়ুন কবির, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও বাদল রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব অশোক কুমার বিশ্বাস, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, যশোর ডিএফএ সভাপতি আসাদুজ্জামান মিঠু।
সভা শেষে সোহাগ বলেন, স্টেডিয়ামে দুই প্রান্তের গ্যালারির জন্য দুটি মূল্যমানের টিকেট রাখা হয়েছে আর ভিআইপি গ্যালারিতেও দুটি মূল্যমানের টিকেট থাকবে। স্টেডিয়ামের সবকিছু মোটামুটি প্রন্তুত তবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত নিরবিচ্ছিন্ন কাজ করে 'ফাইন টিউনিং' করতে হবে।
আগামী ৮ জানুয়ারি থেকে যশোরে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসর। ১১ জানুয়ারি পর্যন্ত চলবে যশোর পর্বের খেলা। এরপর ১২ জানুয়ারি থেকে ২০ শে জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে ছয়টি বিদেশি, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাংলাদেশ জাতীয় দলের এই টুর্নামেন্ট।
/আরএম/এমআর/








