আজই শেষ হতে যাচ্ছে রাফায়েল বেনিতেজের রিয়াল অধ্যায়। সূত্রের খবর সোমবারই রাফায়েলকে ছাঁটাই করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তার জায়গায় নতুন কোচ হচ্ছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
সূত্রের খবর রবিবার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করায় খুব চটেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্থানীয় সময় সোমবার বিকেলেই জরুরিভাবে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডেকেছেন তিনি। সূত্রের খবর ওই বৈঠকে রাফায়েল বেনিতেজকে ছাঁটাই করা হতে পারে। পেরেজের ইচ্ছা বর্তমান ম্যানেজার বেনতিজকে চাকুরিচ্যুত করে জিনেদিন জিদানকে দলের দ্বায়িত্বভার তুলে দেওয়া। জিদান বর্তমানে রিয়াল মাদ্রিদ বি টিমের পরামর্শক উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছেন।
কাল ভ্যালেন্সিয়ার সঙ্গে দুবার এগিয়ে গিয়েও ড্র করার পর রিয়াল অধিনায়ক সার্জিও রামোস রাফায়েলে বেনিতেজের বিষয়ে বলেছিলেন,‘তার ভবিষ্যৎ তো আমাদের হাতে নেই। তবে যিনি কোচ হন না কেন, খেলোয়াড়দের আস্থা তাকে অর্জন করতেই হবে। সেটা রাফাই হন, কিংবা অন্য কেউ।’
রবিবার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল। আগের ম্যাচে বার্সা ড্র করায়,ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সাকে ছুঁয়ে ফেলার সুযোগ ছিল রিয়ালের সামনে। কিন্তু তাতে ব্যর্থ হয়েছেন রাফায়েল বেনিতেজের শিষ্যরা।
/এমআর/







