প্রায় ৬ বছর পর ফ্রান্সের জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজিমা। সেক্সটেপ স্ক্যান্ডেলে জড়িয়ে মাঝে ফ্রান্সের হয়ে বিবেচিত হননি। খেলা হয়নি ২০১৬ ইউরো ও ২০১৮ সালের বিশ্বকাপে। এর পরেও বিশ্বকাপ জিতেছে সমস্যা হয়নি ফরাসিদের। সেই বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম অবদান ছিল কিলিয়ান এমবাপ্পের। দু’জন দুই ক্লাবে খেললেও অবশেষে ইউরোতে বেনজিমাকে সতীর্থ হিসেবে পেতে যাচ্ছেন প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড। এমন খবরের পর বেনজিমার সঙ্গে জুটি বেঁধে খেলতে মুখিয়ে আছেন তরুণ এই ফরোয়ার্ড।
সর্বশেষ মোনাকোকে ২-০ গোলে হারিয়ে ফরাসি কাপ জিতেছে পিএসজি। শিরোপা জেতার পর এক প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেছেন, ‘আমি ভীষণ খুশি। সবসময় বলে আসছি যে আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চাই। এই মুহূর্তে বেনজিমার চেয়ে খুব বেশি ভালো খেলোয়াড় শীর্ষ পর্যায়ে নেই।’
রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে ২৯ গোল করেছেন বেনজিমা। বিতর্কে জড়ানোর আগে ২০১৫ সালে ফ্রান্সের হয়ে সর্বশেষ আর্মেনিয়ার বিপক্ষে খেলেছিলেন। এর কয়েক দিন পরই সতীর্থ ভ্যালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগের কারণে বেনজিমাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছিল। এমন বিতর্ক নিয়ে মাথা ঘামাচ্ছেন না এমবাপ্পে। বরং প্রশংসা করেছেন সতীর্থের, ‘তিনি রিয়াল মাদ্রিদে ১০ বছর ধরে খেলছেন। চাপ নিতে জানেন, অভিজ্ঞতায় ভরপুর। এর ওপর সবদিক দিয়ে মেধাবী খেলোয়াড়। এমন বড় খেলোয়াড়ের সঙ্গে সহজেই খাপ খাইয়ে নেওয়া সহজ। আমি নিশ্চিত যে সবাই তা দ্রুত পারবে।’









