ইউরোয় বৈষম্যমূলক ঘটনার তদন্তে নেমেছে উয়েফা। জার্মানি-হাঙ্গেরি ম্যাচে এমনটি ঘটেছে বলে জানিয়েছে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেজন্য একজন তদন্তকারী কর্মকর্তাও তারা নিয়োগ দিয়েছে। তবে ঘটনার বিস্তারিত তারা জানায়নি।
বুধবার মিউনিখে হওয়া ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। অবশ্য মাঠে গড়ানোর আগ থেকেই আলোচনায় ছিল এই ম্যাচ। হাঙ্গেরি সরকার সমকামীদের বিরুদ্ধে কঠোর আইন জারি করায় এর প্রতিবাদ করছে জার্মানরা। এই কারণে মিউনিখের মেয়র আলিয়াঞ্জ অ্যারেনায় রংধনু রঙের আলোকসজ্জা করার আবেদন করেছিল উয়েফার কাছে। কিন্তু উয়েফা পরিষ্কারভাব জানিয়ে দেয়, স্টেডিয়ামে রাজনৈতিক বিতর্ক সংশ্লিষ্ট কোনও কিছু করা যাবে না।
এর পরেও বিতর্ক মুক্ত থাকেতে পারেনি। ম্যাচ শুরুর আগেই রংধনু রঙের এক পতাকা নিয়ে মাঠে অনুপ্রবেশ করেন এক প্রতিবাদকারী। এছাড়া সমকামীদের অধিকার রক্ষায় একই রকম ব্যানার নিয়ে স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে হাজির হন অনেকে।
গত সপ্তাহেও একই রকম তদন্তের ঘোষণা দেয় উয়েফা। ওই দুটি ম্যাচেও জড়িয়ে আছে হাঙ্গেরি। বুদাপেস্টে একটি ম্যাচে হাঙ্গেরির প্রতিপক্ষ ছিল পর্তুগাল, অপরটিতে ফ্রান্স। পর্তুগাল ম্যাচে অনেককেই দেখা গেছে সমকামী বিরোধী ব্যানার নিয়ে দাঁড়াতে। আর ফ্রান্সের বিপক্ষে দেখা গেছে, হাঙ্গেরিয়ান ভক্তরা খেলোয়াড়দের বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে ব্যানার হাতে পদযাত্রা করে বেড়াচ্ছেন।







