ভারি বৃষ্টি ও লকডাউনের কারণে প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। এখন পেশাদার লিগ কমিটির সভায় আবারও লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে আগামী ১৪ জুলাই থেকে। বৃহস্পতিবার সভা শেষে এমন তথ্য দিয়েছেন, লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
লিগ কমিটির সভাতে ক্লাবগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সালাম মুর্শেদী সভা শেষে ভিডিও বার্তায় বলেছেন, ‘ভারি বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যাওয়ায় এবং সরকার লকডাউন দেওয়ায় খেলা স্থগিত করেছিলাম। লকডাউন যেহেতু ১৪ তারিখে শেষ, ওই দিন থেকে লিগ পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়েছে।’
আপাতত দুটি ভেন্যুতে হবে লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি বলেছেন, ‘যেহেতু বর্ষাকালে খেলা হচ্ছে, যখন-তখন বৃষ্টি হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একদিনে দুটি ম্যাচ খেলা মাঠ পরের দিন আর খেলার উপযুক্ত থাকে না। ক্লাবগুলোকে আমরা টার্ফে খেলার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি। ফর্টিস একাডেমির মাঠের ব্যাপারে তারা সম্মত হয়েছে, যেহেতু ওই মাঠটি ঘাসের। এই দুই ভেন্যুতে বাকি খেলাগুলো হবে।’
এছাড়া একই দিনে ফের মাঠে ফিরছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলাও। প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী লিমিটেড।









