১০ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই কাতালান ক্লাব বার্সেলোনা ও এসপানিওল। বুধবার বাংলাদেশ সময় রাত দুটায় মুখোমুখি হবে দল দুটি।
গত বুধবার কোপা দেল রে'র শেষ ষোলোর লড়াইয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে। দুই এসপানিওল খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অন্যদিকে বার্সা তারকা সুয়ারেজ প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। যদিও ম্যাচটি ৪-১ গোলে জিতে নেয় বার্সা।
এর আগে ২ জানুয়ারি স্প্যানিশ লা লিগার ড্র হওয়া ম্যাচে দুই দলের মধ্যকার কাতালান ডার্বিতে নেইমারের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য ছোঁড়েন এসপানিওল সমর্থকরা। নানা ঘটনার প্রেক্ষিতে দুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে বুধবার আরেক রোমাঞ্চকর লড়াই হতে যাচ্ছে বলে মনে হচ্ছে।
প্রথম লেগে ৪-১ গোলের সহজ জয় পাওয়ায় কার্যত কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে মেসির দল। যদিও আজ এসপানিওলের মাঠে সুয়ারেজকে ছাড়াই খেলতে হবে মেসি-নেইমারদের।
বার্সেলোনা নির্ভার হলেও কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। গত সপ্তাহে রায়ো ভায়েকানোর মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে বাড়ি ফেরে সিমিওনের দল। তাই বৃহস্পতিবার ফিরতি লেগে গোলশূন্য ড্র বা জয়ের কোনো বিকল্প নেই অ্যাটলেটিকোর।
গ্যারি নেভিলের ভ্যালেন্সিয়াও প্রথম লেগে গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কার্যত কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে। ফলে বুধবার গ্রানাডার বিপক্ষে নির্ভার হয়ে মাঠে নামবে ভ্যালেন্সিয়া।
/এমআর/








