এএফসি এশিয়ান কাপ মেয়েদের ফুটবলের বাছাই পর্ব বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে তা হচ্ছে না। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নিরপেক্ষ ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে বাছাই করেছে।
বাছাই পর্বে ‘জি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ইরান ও জর্ডান। আগামী ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর হবে এই বাছাই পর্ব।
ফিফা কাউন্সিল ও বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিষয়টি।
তিনি বলেছেন, ‘করোনার কারণে ইরান ও জর্ডান বাংলাদেশে আসতে রাজি হয়নি। তাই বাংলাদেশে হচ্ছে না গ্রুপ পর্ব। এএফসি নতুন ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে বাছাই করেছে। আমাদের সেখানে গিয়ে খেলতে হবে।’
তবে উজবেকিস্তানে যাওয়ার আগে নেপালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাবিনা-কৃষ্ণারা।









