ম্যাচের শুরুর দিকে গোল করে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেলো। ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত এগিয়ে ছিল আনচেলত্তির দল। বিরতির পর লেভান্তে ঘুরে দাঁড়িয়ে দুই গোল করে চমক দেখালো। যদিও রিয়াল সমতায় ফিরতে সময় নেয়নি। তবে ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। লেভান্তে আবারও এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখলেও রিয়াল তা পূরণ হতে দেয়নি। শেষ পর্যন্ত লা লিগায় ১০ জনের লেভান্তের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে বেনজেমা-কাসেমিরোদের।
লেভান্তের মাঠে শুরুতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৫ মিনিটে করিম বেনজেমা বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পাস দেন গ্যারেথ বেলকে, ওয়েলসের এই ফরোয়ার্ড প্লেসিং করতে কোনও ভুল করেননি।
এরপর ভারভার্দে, আলাবা ও ইস্কো সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি। এই অর্ধে লেভান্তে কিছু করতে না পারলেও বিরতির পর ঘুরে দাঁড়ায়। ড্রেসিং রুম থেকে ঘুরে এসেই ম্যাচে সমতা ফেরায়। এই অর্ধে বলতে গেলে পাল্টা-পাল্টি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। গোলও কম হয়নি, ৫টি!
৪৬ মিনিটে মানজারাসের পাসে রজার মার্তি ফাঁকায় বক্সের ভিতরে বল পেয়ে সহজেই জাল বল জালে জড়িয়েছেন। গোলকিপার কোর্তোয়া হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেও সফল হতে পারেননি।
৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লেভান্তে। ডান প্রান্তে ফ্রুটজের ক্রসে দারুণ ভলিতে জাল কাঁপান ক্যাম্পানা। ৭৩ মিনিটে রিয়াল মাদ্রিদ ম্যাচে সমতা আনে। মধ্যমাঠ থেকে সতীর্থের থ্রু থেকে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন ভিনিসিয়াস।
৭৯ মিনিটে লেভান্তে আবারও এগিয়ে যায়। ফ্রি-কিক থেকে এক ডিফেন্ডার ঠিকমতো হেড করতে পারেননি। সামনে বল পেয়ে রবার পিয়ের ফাঁকায় গোল করেছেন অনায়াসে। ৮২ মিনিটে লেভান্তের শট পোস্টে লেগে ফিরে আসে।
৮৫ মিনিটে রিয়াল মাদ্রিদ স্কোরলাইন ৩-৩ করে। বেনজেমার পাসে ভিনিসিয়াস লক্ষ্যভেদ করেন।
৮৭ মিনিটে লেভান্তের গোলকিপার লাল কার্ড দেখেন। বক্সের বাইরে এসে বল ধরার চেষ্টা করে। রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে কার্পন্য করেননি। তবে বাকি সময় রিয়াল আর কোনও গোল করতে পারেনি।
লেভান্তের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।









