কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পোর্টস সিটি মাঠে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। আজ (মঙ্গলবার) ফরমেশন ছাড়াও টিম কম্বিনেশনের জন্য পাসিং ও ড্রিবলিংয়ের দিকে জোর দিয়েছেন প্রধান কোচ জেমি ডে।
ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া। অনুশীলন নিয়ে তিনি বলেছেন, ‘কিরগিজস্তানে আসার পর অনুশীলনে আমাদের মূল কাজ ছিল রিকভারি। গত দুই দিন ফিটনেস নিয়েও কাজ হয়েছে। এর ফাঁকে ফাঁকে ফরমেশন ও টিম কম্বিনেশনের জন্য পাসিং-ড্রিবলিং শেখাচ্ছেন কোচ।’
কিরগিজস্তানে তিন জাতি প্রতিযোগিতায় নিজেদের ঝালিয়ে নিতে চাইছে পুরো দল। মূল লক্ষ্য মালদ্বীপের সাফ প্রতিযোগিতা।
রহমত বললেন, ‘মূলত আমাদের লক্ষ্য সাফ। সাফের আগে এই তিনটা ম্যাচ আমাদের জন্য প্রস্তুতিমূলক। এখানে কিছু কিছু বিষয় প্রয়োগ করার চেষ্টা করছেন কোচ। ফরমেশন, কীভাবে নিজেদের মধ্যে পাসিং অ্যাবিলিটি বাড়ানো যায়, এসব। এগুলো যদি ঠিকঠাক কাজ করে, তাহলে সাফে আমরা কাজে লাগাতে পারবো।’









