আগামী অক্টোবরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিতে চাইছে বাংলাদেশ। আর সেজন্য মঞ্চ হিসেবে পাচ্ছে কিরগিজস্তানের তিন জাতি ফুটবল প্রতিযাগিতা। আজ (রবিবার) ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা দলের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না, তা সহজেই অনুমেয়। বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দল দুটি।
ফিলিস্তিন ফিফা র্যাঙ্কিংয়ে ১০২ নম্বরে। বাংলাদেশ আছে ১৮৮-তে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের বিপক্ষে জয়ের রেকর্ড নেই। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ঢাকায় ১-১ গোলে ড্র ম্যাচটি বড় ভরসা। আর সবশেষ বঙ্গবন্ধু কাপের দুটি প্রতিযোগিতায় ২-০ গোলে হারতে হয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের।
প্রায় অসম প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের আগে প্রধান কোচ জেমি ডে ভিডিও বার্তায় বলেছেন, ‘ফিলিস্তিন ম্যাচের দিকে তাকিয়ে আছি। গত তিন-চার দিন ছেলেরা অনুশীলনে অনেক চেষ্টা করেছে (প্রস্তুতি নেওয়ার)। কিরগিজস্তানের বিপক্ষে ওদের (ফিলিস্তিন) প্রথম ম্যাচ দেখেছি ওরা কতটা ভালো দল। শক্তিশালী, দৃঢ়তাপূর্ণ দল। আমরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছি। কঠিন একটা ম্যাচ হবে এবং ছেলেদের জন্য এটা ভালো একটা পরীক্ষা।’
প্রতিযোগিতায় ২৩ জনের সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখবেন ডে। বিশেষ করে, নতুন চারজনকেও মাঠে দেখা যেতে পারে। তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন ডে, ‘সব খেলোয়াড়ই এই তিন ম্যাচের যেকোনও একটিতে খেলার সুযোগ পাবে। আমি তাদেরও (চার নতুন) আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা দিতে চাই। আগামীকালের (রবিবার) ম্যাচে কে সুযোগ পাবে, বলতে পারছি না। তবে তারা এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে।’
তিন ম্যাচে ভিন্ন কৌশলে খেলার চেষ্টা বাংলাদেশ কোচের। যেন সাফের আগে ভালো পরীক্ষা হয়। অর্থাৎ, ফিলিস্তিন ম্যাচে ‘নতুন’ বাংলাদেশের দেখা মিলছে। কোচের ভাষায়, ‘এই তিন ম্যাচে আমরা অবশ্যই ভিন্ন কৌশলে, ফরমেশনে খেলার চেষ্টা করবো। দেখবো সাফের জন্য আমরা বিকল্প কোনও কৌশল রপ্ত করতে পারি কিনা। যেহেতু এই ম্যাচগুলো আমরা সাফের প্রস্তুতির জন্য খেলছি, সেহেতু অবশ্যই ভিন্ন কৌশল নিয়ে এই তিন ম্যাচে কাজ করবো। সবাইকে এটার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও দেওয়া হবে। ম্যাচগুলো ছেলেদের জন্য কঠিন হবে, ভালো অভিজ্ঞতাও হবে।’
ফিলিস্তিন দল প্রতিযেগিতায় প্রথম ম্যাচে স্বাগতিক কিরগিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে। স্বাভাবিকভাবে দলটি চাইবে ঘুরে দাঁড়াতে। তবে জেমি ডের দল কৌশল বদলে তাদের কীভাবে রুখে দিতে পারে, সেটাই দেখার!









