ফুটবল বিশ্বকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল ইউরোর একটি ঘটনা। হৃদরোগে এবারের ইউরোয় মাঠে লুটিয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন! সেই ঘটনার হালকা ছায়া দেখা যাচ্ছিল গতকালের প্রিমিয়ার লিগেও। ম্যানচেস্টার ইউনাইটেড-নরউইচ সিটির ম্যাচে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ম্যানইউ ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফের।
ঘাম ঝরানো ম্যাচটা রোনালদোর একমাত্র পেনাল্টিতে জিতলেও ম্যানইউর আলোচনার কেন্দ্র হয়ে থাকলো লিন্ডেলফের মাঠের অসুস্থতা। ম্যাচের তখন ২০ মিনিট বাকি। সুইডিশ তারকা হঠাতই বুক ধরে বসে পড়েছিলেন। বার বার আকারে ইঙ্গিতে বোঝাচ্ছিলেন যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে তাকে সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান কোচ রাফ রাংনিক।
ম্যাচের পর সতীর্থের তখনকার শারীরিক অবস্থার কথা জানান হ্যারি ম্যাগুইরে, ‘চেঞ্জ রুমে ওকে খুব অস্বস্তিতে ভুগতে দেখা যাচ্ছিল। বিস্তারিত জানি না। তবে সার্বিকভাবে তার অবস্থা দেখে ভালো মনে হয়েছে।’
সেই ঘটনার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ম্যানইউ কোচ রাংনিক, ‘আসলে ও মনেই করতে পারছে না ঘটনাটা কীভাবে ঘটেছে। তবে আমার মনে হয় ও অন্য কোনও খেলোয়াড়ের সঙ্গে মাঠে সংঘর্ষে জড়িয়েছিল। তার পর দশ মিনিটের বেশি সময় ধরে শ্বাসকষ্টে ভুগছিল। ওর হৃদকম্পনও তখন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তাই ওই সময়ে ও বুঝতে পারছিল না কী করবে।’
ম্যাচের পর চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন লিন্ডেলফ। তার শারীরিক অবস্থা নিয়ে এই কোচ বলেছেন, ‘ম্যাচের পর কিছু চেক-আপ করা হয়েছে। চিকিৎসকরাও ছিল। সব কিছু স্বাভাবিক মনে হয়েছে।’ তার পরেও পরবর্তী ম্যাচের আগে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।









