আগামী এপ্রিলে এএফসি কাপের প্লে অফ পর্বে আবাহনীর হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। কিন্তু তার আগেই দুঃসংবাদ শুনতে হয়েছে তাকে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সুশান্তকে তিন ম্যাচ নিষিদ্ধ ও ১ হাজার ডলার জরিমানা করেছে।
গত এএফসি কাপে বসুন্ধরা কিংসের হয়ে রক্ষণ সামলাতে হয়েছে সুশান্তকে। তবে সেই যাত্রা সুখকর হয়নি। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের অন্যতম জায়ান্ট এটিকে মোহনবাগানের বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি সময়ে লাল কার্ড দেখতে হয়েছিল তাকে। তারই শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা ছাড়াও জরিমানার সম্মুখীন হতে হলো।
যেহেতু এখন সুশান্ত আবাহনীতে খেলছেন, তাই শাস্তির কারণে আকাশি-নীল জার্সি গায়ে এএফসি কাপের শুরুর তিন ম্যাচ খেলা হচ্ছে না তার। তবে সুশান্ত আশা ছাড়ছেন না। আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলা ট্রিবিউনকে এই ডিফেন্ডার বলেছেন, ‘সেই ম্যাচে আসলে কার্ড না দেখালেও পারতো রেফারি। এখন তিন ম্যাচ সাসপেনশনের পাশাপাশি আর্থিক জরিমানা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে এএফসিতে আপিল করবো। আশা করছি, এতে করে হয়তো শাস্তি কমতে পারে। তবে এএফসি কাপ খেলতে না পারলে তা হবে বড় ক্ষতি।’
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু অবশ্য বলেছেন, ‘সুশান্তকে কোন গ্রাউন্ডে শাস্তি দেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। তারপর শাস্তি কমাতে আপিল করা হবে। এখন দেখা যাক সামনের দিকে কী হয়।’









