গত বছরের সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বে সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর আর কোনও ম্যাচ খেলা হয়নি। এবার ঘরের মাঠে ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে সাবিনা-কৃষ্ণারা।
আগামী ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ হবে সিলেট জেলা স্টেডিয়ামে। এমনিতে প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে। আছে ৮৮তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৪৫ তম!
দুটি ম্যাচ খেলা প্রসঙ্গে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সিলেটে আমরা দুটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। মালয়েশিয়াকে বাংলাদেশ আতিথ্য দেবে। এতে করে দল আন্তর্জাতিক ম্যাচ খেলারও সুযোগ পাবে। সামনেই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস। এর আগে দুটি ম্যাচ থেকে ভালো কিছু অর্জন হবে বলে আশা করি।’
জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটনও প্রীতি ম্যাচ খেলতে মুখিয়ে আছেন। প্রস্তুতি নিতে পারার সুযোগ পেয়ে বলেছেন, ‘মালয়েশিয়ার বিপক্ষে খেলতে পারলে দলের জন্য ভালো হবে। দলের শেখারও আছে।’








