২০২২ কাতার বিশ্বকাপ শুরু হতে এখনও পাঁচ মাস বাকি। তবে বিশ্বকাপের দামামা ঠিকই বেজে উঠেছে। বিশ্বকাপের আকর্ষণীয় ট্রফি বিশ্বভ্রমণে বেড়িয়েছে। যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। তারই অংশ হিসেবে এবার আসছে বাংলাদেশে। পাকিস্তান ঘুরে চার্টার্ড বিমানে করে আগামীকাল (বুধবার) সকালে ঢাকায় পৌঁছাবে সোনালি ট্রফি।
২০১৩ সালের পর আবারও ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। ৩৬ ঘণ্টা থাকবে বাংলাদেশে। ২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি ৫১ দেশে পরিভ্রমণ করছে। খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি ৬.১৪২ কেজি ওজনের এই ট্রফিটি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে পরের দিন আর্মি স্টেডিয়ামে প্রদর্শনের জন্য রাখা হবে।
ট্রফির সঙ্গে বাংলাদেশে আসছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বু। ৫১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলা ছেড়েছেন অনেক আগে। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে তিনি জিতেছিলেন বিশ্বকাপ। ১৯৯২ থেকে ওই বিশ্বকাপের বছরেই শেষবার ফ্রান্সের জার্সিতে নামা কারেম্বুর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নীল জার্সিতে ৫৩ ম্যাচে করেছেন ১ গোল। আসবেন ফিফার সাত কর্মকর্তাও।
বিশ্বকাপ ট্রফি হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রহণ করার কথা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। সেখান থেকে বিকালে বঙ্গভবনে যাবে। সন্ধ্যায় নেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। পরের দিন আর্মি স্টেডিয়ামে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তান থেকে ট্রফিটি আসবে বাংলাদেশে। এখান থেকে যাবে পূর্ব তিমুরে। ৮ জুন ট্রফি প্রদর্শনী নেই। এদিন শুধুমাত্র বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পরের দিন বিকালে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে। সেই কনসার্টে জনসাধারণের প্রবেশ থাকলেও ছবি তোলার সুযোগ থাকবে সীমিত।’









