মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি জুভেন্টাসের। তবে সময় গড়ানোর সঙ্গে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। বুধবার রাতে ঘরের মাঠে জেনোয়াকে ১-০ গোলে পরাজিত করে ইতালিয়ান লিগে টানা ১৩তম জয়ের রেকর্ড গড়েছে জুভরা।
এ জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এদিন আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় বর্তমনা চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত এই গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। খেলার ৩০তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে একটি ক্রসকে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন জেনোয়ার সেবাস্তিন ডি মাইয়ো।
এই নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে টানা ১৩টি ম্যাচ জিতল জুভেন্টাস। এর আগে ২০১২-১৩ মৌসুমে শিরোপা জেতার পথে টানা ১২টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল অ্যালেগ্রির দল।
২৩ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জুভেন্টাস। সমান ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা ফিওরেন্টিনার পয়েন্ট ৪৫। আর ইন্টার মিলান ৪৪ পয়েন্ট নিয়ে চারে রয়েছে।
/এমআর/








