আগামী ৬ সেপ্টেম্বর থেকে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। সেখানে যাওয়ার আগে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু শেষ মুহূর্তে চেষ্টা করেও প্রতিপক্ষ না পাওয়ায় খেলা হয়নি। খেলতে না পারার আক্ষেপ ঝরলো নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে।
এই আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলার কথা ছিল। যদিও তারা আসেনি। ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ করলেও কোনও সাড়া মেলেনি।
এখন প্রস্তুতি ম্যাচ না খেলেই ৩ সেপ্টেম্বর নেপাল যেতে হচ্ছে সাবিনা -কৃষ্ণাদের। আজ (বুধবার) বাফুফে ভবনে সংবাদমাধ্যম কে অধিনায়ক সাবিনা বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। অন্তত একটি ম্যাচ খেলে গেলে নিজেদের অবস্থান বোঝা যেত।’
তবে নেপালে ম্যাচ বাই ম্যাচ ভালো করার প্রতিশ্রুতি বাংলাদেশ অধিনায়কের, ‘অবশ্যই ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার লক্ষ্য আমাদের। দেশকে ভালো কিছু উপহার দিতে চাই। আগে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর ফাইনাল নিয়ে ভাববো। আমাদের লক্ষ্য থাকবে সব দলের সঙ্গে লড়াই করে খেলা।’
মেয়েদের সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে (তবে নিষেধাজ্ঞায় থাকায় ভারতের খেলা এখনও অনিশ্চিত)। ‘বি’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।








