বসুন্ধরা কিংস থেকে আবাহনী লিমিটেডে যোগ দিয়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলে। গোলও পাচ্ছেন। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সাত গোল করে দেশি খেলোয়াড়দের মধ্যে শীর্ষে আছেন তিনি। সাবলীল পারফরম্যান্স দেখেই জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা আসন্ন তিন জাতি টুর্নামেন্টের দলে তাকে রেখেছেন। কিংসলেও লাল-সবুজ দলে আবার ডাক পেয়ে ভীষণ উচ্ছ্বসিত।
২০২১ সাফে মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি। ৩৩ বছর বয়সী স্ট্রাইকার এবার আত্মবিশ্বাসী, ‘আমার খুব ভালো লাগছে। আমি খুব সম্মানিত বোধ করছি জাতীয় দলে ডাক পেয়ে। এর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। তবে আমি প্রাথমিক দলে ডাক পেয়েছি। এখন ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে জায়গা করে নিতে হবে। যদি সুযোগ পাই, চেষ্টা করবো বাংলাদেশকে বেশি বেশি গোল এনে দিতে।’
এই মৌসুমে আবাহনীতে খেলছেন কিংসলে। ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পেয়ে জাতীয় দলে ডাক পাওয়ায় আবাহনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘আমি আবাহনীর প্রতি কৃতজ্ঞ। এই মৌসুমে আবাহনীতে না খেললে হয়তো সুযোগটা পেতাম না। আমি দেখেছি কোচ আমাদের সব ম্যাচ মাঠে বসে দেখেছেন। এছাড়া আমি বাংলাদেশেও দীর্ঘদিন ধরে খেলছি। সব খেলোয়াড় সম্পর্কে তার ভালো ধারণা আছে। তাদের সঙ্গে দীর্ঘ সময় খেলেছি বলে জাতীয় দলে মানিয়ে নেওয়া সহজ হবে।’
কিংসলেকে ঘিরে আশাবাদী বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও, ‘আমরা এবার আত্মবিশ্বাসী তাকে খেলাতে পারবো। এর আগে তাকে অনুশীলনে দেখা হবে যে কতটুকু ফিট আছে। কিংসলে আবাহনীর হয়ে খেলেছে ৯০ মিনিট। আমার মনে হয় তার ফিনিশিং ভালো। আশা করছি, সে দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’









