এই মৌসুম থেকে ঘরোয়া ফুটবলে নতুন সূচি প্রবর্তন হয়েছে। আন্তর্জাতিক খেলার আদলে প্রিমিয়ার লিগ হচ্ছে সপ্তাহে দুইদিন- শুক্র ও শনিবার। আর মঙ্গলবার হচ্ছে ফেডারেশন কাপ বা অন্য টুর্নামেন্টের খেলা। বর্তমানে লিগের মধ্যবিরতি চলছে। খেলোয়াড় নিবন্ধনও এগিয়ে চলেছে। আগামী ১৪ মার্চ তা শেষ হবে। ফিরতি লিগের খেলাও আগের নিয়ম মেনে হবে। সপ্তাহে দুই দিন লিগ ও অন্য দিন হবে ফেডারেশন কাপের খেলা। কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে বাফুফের পেশাদার ম্যানেজমেন্ট লিগ কমিটির সভায় ফিরতি পর্বের লিগ ও ফেডারেশন কাপের নক আউট পর্ব শুরুর সময়ক্ষণও ঠিক হয়েছে।
আগামী ৪ এপ্রিল থেকে ফেডারেশন কাপের নক আউট পর্ব শুরু হবে। সুপার কাপ নির্দিষ্ট সময়ে না হওয়ায় ফেডারেশন কাপের খেলা এগিয়ে আনা হয়েছে। ফেডারেশন কাপের নক আউট পর্ব শুরুর ঠিক তিন দিন পর ৭ এপ্রিল থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের খেলা। ফেডারেশন কাপের নক আউট পর্ব দুটি ভেন্যুতে হবে- কুমিল্লা ও গোপালগঞ্জের মাঠে।
৪ এপ্রিল প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ১১ এপ্রিল আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি, ১৮ এপ্রিল মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী এবং ২ মে রহমতগঞ্জ ও শেখ রাসেল মুখোমুখি হবে। দুটি সেমিফাইনাল হবে ৯ ও ১৬ মে। আর ফাইনাল হবে ৩০ মে কুমিল্লার মাঠে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ২৩ মে।
তবে লিগের খেলা আগের মতো ৬ ভেন্যুতে হবে। সভা শেষে বাফুফের অন্যতম সহ-সভাপতি ও লিগ কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘লিগের দ্বিতীয় পর্ব ও ফেডারেশন কাপের নক আউট পর্বের সময়ক্ষণ ঠিক হয়েছে। শুক্রবার ও শনিবার লিগ এবং মঙ্গলবার ফেডারেশন কাপের নক আউট পর্ব হবে। আগেও এই সূচি মেনে হয়েছে। এবারও তাই হবে।তবে মাঝপথে জুনে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য লিগে বিরতি থাকবে। লিগ সমাপ্ত হবে জুলাইয়ে।’









