অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ১-০ গোলে জিতে লা লিগায় ফের ৯ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে শীর্ষ দল বার্সেলোনা। কিন্তু সান মামেসে প্রতিপক্ষ দর্শকদের শত্রুভাবাপন্ন আচরণে বিস্মিত ও দুঃখ পেয়েছেন কোচ জাভি হার্নান্দেজ।
রোববার রাফিনহার একমাত্র গোলে জিতেছে বার্সা। কিন্তু বিলবাওর ভক্তরা তাদের বিদ্রূপের সুযোগ হাতছাড়া করেনি। সম্প্রতি রেফারিকে কেনার অভিযোগ উঠেছে বার্সার বিরুদ্ধে, সেটার প্রতিবাদ জানায় স্বাগতিক দর্শকরা।
ঘরের মাঠের দর্শকরা প্রথমার্ধে ‘মাফিয়া $’ মার্ক করা ব্যাংক নোট ও বার্সার ব্যাজ মাঠে ছুড়ে মারে এবং জাভির দলকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়ার দাবি তোলে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘সান মামেসের দর্শকদের আমি শ্রদ্ধা করি। তারা সবসময় আমার সঙ্গে ভালো আচরণ করে। কিন্তু বার্সার দিকে তাদের শত্রুভাবাপন্ন আচরণে আমি বিস্মিত হয়েছিলাম। আমি দুঃখও পেয়েছি। (বার্সা) সময়ের আগেই তাদের বিচার করা হচ্ছে, আমি মনে করি না এটা সমাজের জন্য ভালো। সবাই (মত প্রকাশে) স্বাধীন এবং আমি সবার মতকে সম্মান করি, সেটা আমি মানি আর না মানি। কিন্তু এই আচরণ আমাকে দুঃখ দিয়েছে।’
পরবর্তী খেলাগুলোতেও প্রতিপক্ষের দর্শকদের কাছে এমন আচরণ প্রত্যাশা করেন কি না কিংবা খেলোয়াড়দের ওপর এর প্রভাব পড়বে কি না প্রশ্নে জাভি বলেন, ‘আমার আর বাড়তি কিছু বলার নেই। শুধু বলবো এটা আমাকে কষ্ট দিয়েছে। ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে আমরা এনিয়ে কথা বলিনি। আমরা এখানে জিততে এসেছিলাম এবং ফুটবলের দিকেই সব মনোযোগ। আমরা সবাই পেশাদার।’









