সেশেলসের বিপক্ষে এলিটা কিংসলে শুরু থেকে খেলবেন, অভিষেক হবে ৩৩ বছর বয়সী নাইজেরিয়ান বংশোদ্ভুত স্ট্রাইকারের- এমন জোর সম্ভাবনা থাকলেও কোচ হাভিয়ের কাবরেরা শেষ পর্যন্ত কোনও ঝুঁকি নেননি। কিংসলেকে না রেখে বাংলাদেশের একাদশ ঘোষণা করেছেন তিনি। আজ শনিবার ফিফা প্রীতি ম্যাচে অভিষেক হতে যাচ্ছে ফর্টিস এফসির অ্যাটাকিং মিডফিল্ডার মজিবর রহমান জনির।
আজকের একাদশে তেকাঠির নিচে যথারীতি আছেন আনিসুর রহমান জিকো। রক্ষণে দেড় বছর পর ফিরেছেন তপু বর্মণ। তার যোগ্য সঙ্গী কাজী তারিক রায়হান। লেফট ব্যাক রিমন হোসেন ও রাইট ব্যাক থাকছেন সাদ উদ্দিন।
অধিনায়ক জামাল ভূঁইয়া ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন। তার সামনে থাকছেন দুই সোহেল রানা ও রাকিব হোসেন। ২০১৫ সালের পর সুযোগ পাওয়া আমিনুর রহমান সজীবের খেলার কথা রয়েছে ‘নম্বর নাইন’ পজিশনে।
নতুন নিয়ম অনুযায়ী ফিফা প্রীতি ম্যাচে নিরপেক্ষ রেফারি থাকবে। তাই আজ ও ২৮ মার্চের ম্যাচ দুটির জন্য ভুটানের রেফারি বাঁশি বাজাবেন।
বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বাংলাদেশ দল: আনিসুর রহমান, তপু বর্মণ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মজিবর রহমান জনি, সাদ উদ্দিন, মোহাম্মদ সোহেল রানা ও আমিনুর রহমান সজীব।









