সম্প্রতি সপরিবারে সৌদি আরবে ভ্রমণ করেন লিওনেল মেসি। জোরালো গুঞ্জন ওঠে, থাকার জায়গা খুঁজতে সেখানে গিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অনুমতি না নিয়ে যাওয়ায় বর্তমান ক্লাব পিএসজি তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞাও দেয়। গণমাধ্যমে তারপর সংবাদ প্রকাশিত হয়, সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি হয়ে গেছে তার। কিন্তু পরে এই খবরকে ভুয়া বলে নিশ্চিত করেন বিশ্বকাপ জয়ী অধিনায়কের বাবা ও এজেন্ট হোর্হে মেসি। সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ট্রান্সফার নিয়ে গুঞ্জনের ইতি ওখানেই হওয়ার কথা। কিন্তু আল হিলাল প্রেসিডেন্টের কাছ থেকেও এনিয়ে বক্তব্য শুনতে চান সাংবাদিকরা, তার জবাব, ‘লিওনেল মেসিকে নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।’
ফাহাদ বিন নাফেল মেসির সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। শুক্রবার জেদ্দায় কিংস কাপ ফাইনালে আল হিলালের জয়ের পর এনিয়ে প্রশ্ন করলে কোনও মন্তব্য করেননি তিনি।
তার বক্তব্য, ‘আমি আপনাদের কোনও সংবাদ দেবো না। যদি আমাদের মিডিয়া সেন্টার কিছু বলে, তাহলে পেয়ে যাবেন।’ মাঠেই বিন নাফেলের আরেকটি সাক্ষাৎকার নেওয়া হয়। ওই সময় দর্শকরা ‘মেসি, মেসি’ স্লোগান দিতে থাকেন।
আল হিলাল প্রেসিডেন্ট বলেন, ‘একজন খেলোয়াড়ের চেয়ে দল আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। যে তারকাই আমাদের ক্লাবে আসুক না কেন তার জানা উচিত আমরা বড় ক্লাব। আমাদের লক্ষ্য (দলের) উন্নতি। আপনি যদি একজনের দিকে মনোযোগ দেন, তাহলে দলকে হারাবেন।’
আপাতত মেসির ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। চলতি মৌসুম শেষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। হতে পারে পিএসজির সঙ্গেই থেকে যাবেন কিংবা ফ্রি এজেন্ট হয়ে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।









