ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে শেষ মুহূর্তে লাল কার্ড দেখানো হয়েছিল। ভিএআরে দেখা যায়, প্রতিপক্ষ খেলোয়াড় হুগো দুরোকে আঘাত করেছেন তিনি। কিন্তু ভিডিওটির শুরুর দিকের কিছু অংশ বাদ দিয়ে দেখানো হয়েছে। সেই প্রমাণ মিলেছে। স্পেনের রেফারিং কমিটি তাই পরবর্তী ম্যাচগুলোর জন্য মঙ্গলবার বরখাস্ত করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফিসিয়াল ইগনাসিও ইগলেসিয়াস ভিলানুয়েভাকে।
স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৪৭ বছর বয়সী এই ভিএআর অফিসিয়ালের বুধবার রিয়াল বেতিস-গেটাফে ও পরের দিন অ্যাথলেটিক বিলবাও-ওসাসুনার ম্যাচে দায়িত্ব পালন করার কথা ছিল। এই দুটি ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে।
রেফারি রিকার্ডো ডি বুর্গোস বেনগোয়েটশিয়া দুই দলের হাতাহাতির ভিএআর ফুটেজ দেখে ভিনিসিয়ুসকে দোষী করে শাস্তি দেন। তবে ভিলানুয়েভার ভিডিওতে দেখানো হয়নি, প্রথমে দুরো ব্রাজিলিয়ান উইঙ্গারের ঘাড় ধরে টান দেন, যা লাল কার্ড পাওয়ার মতো অপরাধ।
এই ম্যাচেই ভিনিসিয়ুসকে ভ্যালেন্সিয়ার এক দর্শক বর্ণবাদী মন্তব্য করায় আন্তর্জাতিক ফুটবলে আলোড়ন উঠেছে। ব্রাজিল ও স্পেনের সরকার প্রধান তীব্র নিন্দা জানিয়েছে। ব্রাজিলিয়ান উইঙ্গারের পাশে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও ব্রাজিলের গ্রেট রোনালদো। ওই ঘটনায় তিন তরুণকে গ্রেফতারও করেছে স্প্যানিশ পুলিশ।









