ঘরোয়া লিগ না জিতলেও ইন্টার মিলানের জন্য মৌসুমটা সফলই বলা চলে। ইতালিয়ান সুপারকাপ জয়ের পর এবার নিশ্চিত করেছে কোপা ইতালিয়াও। ফাইনালে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে তারা। তাছাড়া চ্যাম্পিয়নস লিগ ফাইনালের টিকিট কাটায় তাদের সামনে এখন ত্রিমুকুট জয়ের হাতছানি।
ঘরোয় প্রতিযোগিতায় কোনও টুর্নামেন্টে এবারই প্রথম দুই দল মুখোমুখি হয়েছিল। ইন্টার পরিবর্তন আনে ৯টি। শুরুর একাদশের বদলে বেঞ্চে জায়গা হয় রোমেলু লুকাকুর।
তার পরও ইন্টার লড়াকু মানসিকতা দেখিয়ে শেষ হাসি হেসেছে। শুরুতে অবশ্য ইন্টারের জাল কাঁপিয়ে তাদের স্তব্ধ করে দিয়েছিলেন ফিওরেন্তিনার আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস। তার পর তো তার আরেক সতীর্থ লাউতারো মার্তিনেজই তাদের জন্য হুমকি হয়ে ওঠেন। প্রথমার্ধে ২৯ ও ৩৭ মিনিটে করেন জোড়া গোল। তাতে মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল হয়ে গেছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকারের। এই মৌসুমে ইন্টারের হয়ে সবগুলো ম্যাচ খেলা একমাত্র খেলোয়াড়ও তিনি।
২-১ এ পিছিয়ে যাওয়ার পর ফিওরেন্তিনো সেভাবে পাল্টা আক্রমণে যেতে পারেনি। বিপরীতে তাদের গোলকিপার তেরাসিয়ানো অবিশ্বাস্য দুটি সেভ করেছেন। রুখে দিয়েছেন লুকাকু ও ফেদেরিকো দিমারকোর শট।
এটা ইন্টারের নবম কোপা ইতালিয়া। তাতে কোচ হিসেবে বলার মতো কীর্তি গড়েছেন সিমোন ইনজাগিও। ৮ ফাইনালের ৭টিতেই বিজয়ী হয়েছেন তিনি।









