আগামী ১০ জুন শুরু হওয়ার কথা ছিল মেয়েদের ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। কিন্তু নির্দিষ্ট সময়ে এবারও লিগ মাঠে গড়াচ্ছে না। অংশগ্রহণকারী দল নিশ্চিত না হওয়ায় সাবিনা-সানজিদাদের অপেক্ষায় থাকতে হচ্ছে।
কিছু দিন আগে জরুরি সভা করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মেয়েদের লিগ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে টানা দ্বিতীয়বারের মতো ঘোষণা দিয়েও লিগ শুরু করতে ব্যর্থ হয়েছে বাফুফে।
বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘১০ জুন লিগ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু এখনও দল চূড়ান্ত হয়নি। যারা আগে খেলার কথা বলেছিল, এখন অপারগতা প্রকাশ করছে। তাই নতুন করে দল খোঁজা হচ্ছে। ফলে এই মাসের শেষ কিংবা জুলাইয়ে লিগ শুরু হতে পারে। কয়েক দিনের মধ্য পরিষ্কার হবে সবকিছু।’
এদিকে, গত সেপ্টেম্বরের পর থেকে অলস সময় কাটাচ্ছে সাবিনারা। জুলাইয়ে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। মঙ্গোলিয়ার জায়গায় সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেপাল।








