লিওনেল মেসিকে না পেলেও বড় তারকা দলে নিতে নিজেদের চেষ্টা অব্যাহত রেখেছে আল হিলাল। গোলডটকমের খবরে বলা হয়েছে, সৌদি ক্লাবটির কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন চেলসির স্ট্রাইকার রোমেলু লুকাকু!
চেলসির স্ট্রাইকার হলেও ধারে ২০২২-২৩ মৌসুম ইন্টার মিলানে খেলেছেন লুকাকু। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সাফল্য পাননি যদিও। গোলডটকম জানিয়েছে, দুই মৌসুমের চুক্তির জন্য বেলজিয়ান স্ট্রাইকারকে পেতে আল হিলাল ৫ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। সোমবার আল হিলাল কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবের বিষয়ে কথা বলতে সৌদি আরব সফর করেছেন তিনি।
ধারের চুক্তি শেষ হয়ে যাওয়ায় লুকাকুর চেলসিতে ফেরত যাওয়ার কথা। তাছাড়া তাকে পরিপূর্ণভাবে চুক্তিবদ্ধ করতে পর্যাপ্ত ফান্ডও নেই ইতালিয়ান জায়ান্টদের। জানা গেছে, চেলসির নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো লুকাকুকে আরেকটি সুযোগ দিতে ইচ্ছুক। কিন্তু গোলডটকম বলছে, লুকাকু আল হিলালে যাওয়ার ব্যাপারে ভীষণ আগ্রহী। তার আগে ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছাড়ার জন্য বড় বেতনের জন্য চাপ দিতে পারেন তিনি।
সেটি বাস্তবে রূপ দিতে হলেও আল হিলালকে চুক্তির জন্য চেলসির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে হবে। এমনিতে বাড়তি অর্থ ব্যয় করা চেলসি আগামী মৌসুমের জন্য স্কোয়াড আরও ছোট করে আনতে চায়। সেটি হলে চেলসি ৫ কোটি ইউরোর বেশি ফি চাইতে পারে। আল হিলাল হয়তো এত বেশি অর্থ দিতে ইচ্ছুক নয়। কিন্তু চুক্তি পাকা করতে তারা চেলসির সঙ্গে সম্ভাব্য আপসের জন্য গ্রহণযোগ্য একটি সমঝোতায় যেতে পারে।







