আরও এক মৌসুমের জন্য টনি ক্রুসের সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত এক দশক ধরে ক্লাবের সাফল্যের সারথী এই জার্মান মিডফিল্ডার। ৩৩ বছর বয়সে এসেও তার ধার কমেনি।
২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকছেন ক্রুস। বুধবার এক বিবৃতিতে এই চুক্তির ঘোষণা দেয় মাদ্রিদ ক্লাব, ‘রিয়াল মাদ্রিদ সিএফ ও টনি ক্রুস খেলোয়াড়ি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মতি দিয়েছেন, ২০২৪ সালের জুন পর্যন্ত ক্লাবে থাকছেন তিনি।’
গত ৯ মৌসুমে রিয়ালের হয়ে ২০ শিরোপা জিতেছেন ক্রুস। ২০১৪ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়ে খেলেছেন ৪১৭ ম্যাচ।
ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা জার্মান ফুটবলার ক্রুস। এই সময়ে চারটি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ, চারটি ইউরোপিয়ান সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপার কাপের ট্রফির স্বাদ পেয়েছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার।








