দীর্ঘ প্রায় তিন মাস তদন্ত করে সিলগালা রিপোর্ট জমা দিয়েছে বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের আর্থিক অনিয়ম ও ফিফার অভিযোগ নিয়ে গঠিত কমিটি। সেই রিপোর্টে কী কী আছে তা প্রকাশ হবে কিনা, এনিয়ে প্রশ্ন উঠেছে। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তদন্ত রিপোর্ট প্রকাশে কোনও আপত্তি নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন।
তদন্ত রিপোর্ট নিয়ে আগে নির্বাহী কমিটিতে আলোচনা হবে। সেখানে মূলত ঠিক হবে পরবর্তী করণীয়। কাজী সালাউদ্দিনকে এনিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তরে তিনি বলেছেন, ‘আমি ইমিডিয়েটলি নির্বাহী কমিটির সভা ডাকবো। সভায় আমি সকলের কাছে প্রতিবেদন দেবো, নির্বাহী কমিটি চূড়ান্ত করবে তারা কী পদক্ষেপ গ্রহণ করবে। আমি পাঁচ মিনিট আগে প্রতিবেদন হাতে পেয়েছি। এটা পড়েও দেখিনি। আপনারা এখানে আছেন বলে আমি কথা বলতে এলাম। প্রতিবেদন না পড়ে আমি তো এ নিয়ে কথা বলতে পারবো না।’
প্রতিবেদন সকলের সামনে প্রকাশ করা উচিৎ কিনা প্রশ্নে সালাউদ্দিন বলেছেন, ‘আমার এখানে কোনও সমস্যা নেই। বোর্ড মিটিং ডেকে আমি তাদের হাতে দায়িত্ব ছেড়ে দেবো, তারা সিদ্ধান্ত নেবে করণীয় কী? আমি প্রতিবেদন পড়বো, কিন্তু এখানে হাত দেবো না। প্রতিবেদন বোর্ড মেম্বারদের হাতে ছেড়ে দেবো। পাবলিকলি প্রকাশ করার বিষয়ে আমার আপত্তি নেই। কিন্তু সিদ্ধান্তটা বোর্ড নেবে।’
সামনের দিকে এমন ঘটনা ফের ঘটবে কি না, সালাউদ্দিন বলেছেন, ‘ঘটনা ঘটেছে বলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি ওয়াদা করতে পারেন দেশে কোনোদিন ঝগড়া হবে না। কোন মন্ত্রণালয়ে কিছু ঘটবে না, পরের প্রজন্ম কিছু করবে না। আমি বলতে পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে।’









