ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার এবং ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) বহিষ্কৃত সভাপতি মিশেল প্লাতিনির নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল প্রত্যাহার করা হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে ফিফার দেওয়া নিষেধাজ্ঞাদেশ অব্যাহত রইলো।
তবে ফিফার আপিল কমিটি এই দুজনের শাস্তির মেয়াদ কমিয়েছে। ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে আট বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা হয়েছে। গত ডিসেম্বরে ফিফার এথিক্স কমিটি বিশ্ব ফুটবলের শীর্ষ দুই কর্মকর্তা ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে তদন্ত শেষে দুজনকেই আট বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল।
এদিকে নিষেধাজ্ঞার মেয়াদ কমলেও সন্তুষ্ট নন ব্লাটার। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ফিফার আপিল কমিটির সিদ্ধান্তে আমি ভীষণ হতাশ। আমি বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নিয়ে যাবো।’ অন্যদিকে ৬০ বছর বয়সী প্লাতিনি এমন সিদ্ধান্তকে কষ্টদায়ক, লজ্জাজনক ও রাজনৈতিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।
তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ ২০১১ সালে উয়েফা সভাপতি প্লাতিনিকে অবৈধ উপায়ে ২০ লাখ ইউরো দিয়েছিলেন ব্লাটার। যার কোনও লিখিত প্রমাণ ছিল না। এই অপরাধে আট বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি ব্লাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঁ ও প্লাতিনিকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়।
/এমআর/








