মেয়েদের বিশ্বকাপে আর্জেন্টিনার অভিজ্ঞতা একেবারেই ভালো হলো না। তিন ম্যাচ খেলে কোনও জয় ছাড়া দেশে ফিরে যাচ্ছে তারা। বুধবার গ্রুপের শেষ ম্যাচে তাদের ২-০ গোলে হারিয়ে শতভাগ সাফল্য ধরে রেখে শেষ ষোলোতে খেলতে যাচ্ছে সুইডেন।
পরের ধাপে যাওয়ার ক্ষীণ সুযোগ তৈরি করতেও জিততে হতো আর্জেন্টিনাকে। কিন্তু সত্যিকার অর্থে সুইডেনের রক্ষণ কিংবা গোলকিপার জেনিফার ফাল্ককে তটস্থ করতে পারেনি তারা।
সোফিয়া জ্যাকোবসনের ক্রসে রেবেকা ব্লোমভিস্টের দ্বিতীয়ার্ধের হেড গোলে ৬৬তম মিনিটে লিড নেয় সুইডেন। তৃতীয় র্যাঙ্কিংধারী দলের জয় সুনিশ্চিত হয় ৯০তম মিনিটের পেনাল্টিতে। এলিন রুবেনসন করেন গোল।
এনিয়ে চার বিশ্বকাপ আসরে খেলেও প্রথম জয়ের দেখা পেলো না আর্জেন্টিনা। মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলায় থেকে টুর্নামেন্ট শেষ করলো তারা।এবার ইতালির কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ড্র করে আর্জেন্টাইনরা।
প্রথম দুটি ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করে সুইডেন। গ্রুপ চ্যাম্পিয়নরা পরের ধাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে। মেলবোর্নে রবিবার হবে অলিম্পিক কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি। ২০২১ সালের ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল ইউরোপিয়ানরা।









