আড়ালে থাকতে চেয়েছিলেন লিওনেল মেসি। পারছেন কোথায়? আমেরিকাতেও তার জনপ্রিয়তা এতটুকু কম নয়। ইউরোপ দাপিয়ে বেড়ানো আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাঠের পারফরম্যান্স একনজর দেখার জন্য সে কি তুমুল আকাঙ্ক্ষা! টিকিটের চাহিদা সেই প্রমাণ দিচ্ছে। আগামী রবিবার ইন্টার মায়ামির জার্সিতে প্রথমবার প্রতিপক্ষের মাঠে খেলবেন মেসি। সেই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ১০ মিনিটেই!
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের মাঠের জাদু দেখার আকাঙ্ক্ষা তো এমনি এমনি জাগছে না আমেরিকান ফুটবলপ্রেমীদের মনে। সবশেষ ওরলান্ডো সিটির বিপক্ষে করেছেন দুটি গোল। তার আগের দুই ম্যাচে ছিল তিন গোল। মাঠে অবিশ্বাস্য ছাপ রাখছেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। এমএলএস ভক্তরা তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।
লিগস কাপের শেষ ষোলোতে পরের ম্যাচ খেলবে মায়ামি। ব্লুমবার্গ জানিয়েছে, এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবের মধ্যকার এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে ১০ মিনিটের মধ্যে।
এফসি ডালাসের টয়োটা স্টেডিয়ামে হবে মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচ। স্টেডিয়ামের ধারণক্ষমতা ২০ হাজার। এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দামও ২৯৯ ডলার, তারপরও টিকিটের চাহিদা তুঙ্গে। আর অফিসিয়াল রিসেল টিকিট বিক্রি হতে যাচ্ছে ৬০০ ডলারের বেশি।








