সামনে জাতীয় ফুটবল দলের ব্যস্ত সূচি। একের পর এক আন্তর্জাতিক ম্যাচ। শুরুতে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ, ৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস মাঠে হবে খেলা।
প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাই, এশিয়ান গেমস রয়েছে। কোচ হাভিয়ের কাবরেরা মনে করছেন, ‘সেপ্টেম্বরের ফিফা উইন্ডো এবং সামনের ব্যস্ত সূচিতে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। শুরুতেই প্রতিপক্ষ আফগানিস্তান, এরপর এশিয়ান গেমস আছে। তারপর রয়েছে মালদ্বীপের বিপক্ষে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই। আগামীকাল থেকে এই খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি শুরু করবো। এশিয়ান গেমসে দলের কিছু খেলোয়াড়ও এখানে আছে, এখন সামনের দিকে তাকিয়ে আছি। সাফে যে পারফরম্যান্স করেছি, সেটা ধরে রাখতে হবে আমাদের।’
আফগানিস্তান ম্যাচের দলে দুই নতুন মুখ- দীপক রায় ও সারোয়ার জামাম নিপু। নতুনদের নিয়ে কাবরেরা বলেছেন, ‘দীপক, নিপু একেবারেই নতুন মুখ। আতিক, পাপ্পু, সাইদ ট্রেনিং ক্যাম্পে আগেও ছিল। দীপক- খুব প্রাণবন্ত, আমাদের পরিকল্পনার সাথে যায়।’
মালদ্বীপ ম্যাচ যে মূল লক্ষ্য তা বলতে ভুল করেননি কাবরেরা, ‘আমাদের মূল লক্ষ্য মালদ্বীপ। নিশ্চিতভাবেই আমাদের লক্ষ্য জেতা। সাফে যে পারফর্ম করছি, তার নিচের মানের হলে চলবে না, তার চেয়ে ভালো করতে হবে। আমাদের মূল লক্ষ্য বাছাইয়ের ম্যাচে জিতে কোয়ালিফাই করা।’









