ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও স্পেনে নেই অভূতপূর্ব এই সাফল্যের উদযাপন। পুরস্কার বিতরণী মঞ্চে নারী ফুটবলার জেনি হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বিপাকে পড়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান লুইস রুবিয়ালেস। পুরো দেশ যেন তার বিরুদ্ধে চলে গেছে। ফিফা ৯০ দিনের সাময়িক নিষেধাজ্ঞা দিলেও তার পদত্যাগের দাবিতে উত্তাল মাদ্রিদ।
চুমুকাণ্ডে এবার মাদ্রিদের রাস্তায় শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনার ৯ দিন পর রুবিয়ালেসের কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন হাজারো বিক্ষোভকারী। কমিশনএইটএম ফেমিনিস্ট মুভমেন্ট আয়োজিত এই গণবিক্ষোভে বিক্ষোভকারীদের হাতে ছিল ‘রুবিয়ালেস পদত্যাগ করুন’ স্লোগান লেখা ব্যানার। অন্য ব্যানারে লেখা, ‘সেক্সিস্ট এবং ভদ্রলোক, খেলা সবার জন্য’।
এদিকে স্প্যানিশ সরকার স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালকে রুবিয়ালেসকে পদত্যাগ করানোর ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছে। আর আরএফইএফ হারমোসোর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।
সোমবার রুবিয়ালেসের মা ছেলের প্রতি নির্দয় আচরণের কারণে গির্জায় অনশন শুরু করেছেন। মোটকথা, স্পেন ফুটবল প্রধানের চুমুকাণ্ড নিয়ে দেশটিতে বিরাজ করছে নাটকীয় অবস্থা।









