মাত্র ১৬ বছর বয়সেই নামের পাশে ১০০ কোটি ইউরোর তকমা লাগালেন লামিনে ইয়ামাল। চোখ ছানাবড়া করে দেওয়া রিলিজ ক্লজে বার্সেলোনা তার সঙ্গে নতুন চুক্তি করেছে।
ন্যু ক্যাম্প ও স্পেন জাতীয় দলে রেকর্ড বইয়ে একাধিক ইতিহাস নতুন করে লিখেছেন এই প্রতিভাবান টিনএজার। তার সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ালো কাতালানরা।
বার্সা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘যুব দল থেকে উঠে এসেছে লামিনে ইয়ামাল। সাম্প্রতিক সময়ে লা মাসিয়া থেকে আবির্ভূত হওয়া অন্যতম সেরা সম্পদ বিবেচিত হচ্ছে সে। মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে ২০২৩ সালের ২৯ এপ্রিল বেতিসের বিপক্ষে তার লিগ অভিষেক হয়। দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক সূচিতে খেলা সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় সে। জাভি হার্নান্দেজ ধীরে ধীরে তার কাছ থেকে বেশি পারফরম্যান্স আদায় করছেন। স্কোয়াডের প্রাক মৌসুমে যোগ দিয়ে সে এই মৌষুমে কাদিজের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে ছিল। আর রয়্যাল এন্টওয়ার্পের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন। এই বয়সেই সে স্পেনের হয়ে প্রথম ম্যাচ খেলেছে। জর্জিয়ার বিপক্ষে সে শুধু লা রোজাদের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ই নয়, সর্বকনিষ্ঠ গোলদাতাও হয়েছে।’









