২০১৭ সালে আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলতে ঢাকায় এসেছিল ভারতের অন্যতম সেরা দল মোহনবাগান। এবার দীর্ঘ ৬ বছর পর আবারও এএফসি কাপ খেলতে ঢাকায় এসেছে তারা।
এএফসি কাপের দ্বিতীয় লেগে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে ঢাকায় পা রেখেছে দলটি। ম্যাচটি হবে ৭ নভেম্বর। কেবল ম্যাচের আগের দিন সোমবার কিংস অ্যারেনাতে অনুশীলন করবে অতিথিরা।
সন্ধ্যায় ঢাকায় এসে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন মোহনবাগানের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা।
এএফসি কাপে ডি গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহনবাগান। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কিংস। ওড়িশার মাঠে তাদের কাছে পয়েন্ট হারালেও মোহনবাগান আইএসএলে ভালো অবস্থানে আছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হয়ে শুরুর চারটা ম্যাচ জিতেছে।
ঢাকার ম্যাচে অবশ্য মোহনবাগানের শক্তি কিছুটা খর্ব হচ্ছে। চোটের কারণে রক্ষণভাগের অন্যতম ফুটবলার আনোয়ার আলী এবং ফরোয়ার্ড আশিক কুরনাইনকে পাওয়ার সম্ভাবনা নেই।









