ফুটবলের শ্রেষ্ঠতম ব্যক্তিগত পুরস্কার উয়েফার ব্যালন ডি’অর ও ফিফার দ্য বেস্ট এখন যোগ্য খেলোয়াড়ের হাতে উঠছে না। এমনটাই মনে করেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের ক্রীড়া সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
সবশেষ এই দুটি পুরস্কারই জিতেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০২২ সালে কাতারে প্রথম বিশ্বকাপ ট্রফি জেতার পর ফেভারিট হিসেবে ব্যালন ডি’অর হাতে নেন তিনি। সম্প্রতি কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডকে পেছনে ফেলে দ্য বেস্টও জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
রেকর্ড ডট পিটিকে রোনালদো জানান, এই পুরস্কার অনুষ্ঠান দেখেন না তিনি। কারণ সংগঠনগুলো কীভাবে কাজ করে তাতে অভ্যস্ত হয়ে গেছেন। সম্প্রতি দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বর্ষসেরা গোলদাতাসহ একাধিক পুরস্কার জয়ের পর তিনি এমন মন্তব্য করেন।
নির্দিষ্ট কোনও খেলোয়াড়ের বিরুদ্ধে রোনালদোর অভিযোগ নেই। এমনকি মেসি এই পুরস্কারের দাবিদার নয়, সেটাও মনে করেন না তিনি। সংবাদপত্রটিকে রোনালদো বলেছেন, ‘আমি মনে করি একদিক থেকে এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে। বলছি না যে মেসি এর দাবিদার ছিল না কিংবা হাল্যান্ড অথবা এমনকি এমবাপ্পেও। সহজ কথায় আমি এসব পুরস্কারে বিশ্বাস করি না। গ্লোব সকারে পুরস্কার জিতেছি বলে এটা বলছি না। এটাই সত্যি। পরিসংখ্যান আছে, যেগুলো প্রতারণা করে না।’
গত বছর সর্বোচ্চ গোল করা আল নাসর ফরোয়ার্ড আরও বলেন, ‘তারা এই ট্রফি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কারণ এটাই বাস্তবতা। এটা আমাকে আরও সুখী করে, কারণ পরিসংখ্যান হলো সত্যি।’








