কিলিয়ান এমবাপ্পের চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। শেষলগ্নে তিনি কোচের বিরূপ আচরণের শিকার হচ্ছেন, এমন ফিসফাস শোনা যাচ্ছে। এই যেমন রবিবার রেনের বিপক্ষে ড্রয়ের ম্যাচে পিএসজি পিছিয়ে থাকা অবস্থায় তাকে তুলে নেওয়ার বিষয়টি আলোচনায়। এনিয়ে কোচ লুইস এনরিকে কোনও রাখঢাক না রেখে বললেন, তিনি যখন চাইবেন, তখন খেলাবেন ফরাসি ফরোয়ার্ডকে।
পিএসজি এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৬৫তম মিনিটে এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেন এনরিকে। তার বদলি নামা গনসালো রামোসের যোগ করা সময়ের পেনাল্টিতে লিগ ওয়ানে ১-১ গোলে ড্র করে প্যারিস ক্লাব।
এনিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘এটা খুবই সাধারণ ব্যাপার, আগে হোক কিংবা পরে, যখন এটা ঘটবে আমাদেরকে কিলিয়ানকে ছাড়া খেলায় অভ্যস্ত হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি যখন তাকে খেলাতে চাইবো, তখন তাকে খেলাবো। যখন চাইবো না, তখনও একই ব্যাপার।’
৬৪ ও ৭০তম মিনিটের মধ্যে এনরিকে পুরো ফরোয়ার্ড লাইন বদলে ফেলেন। উসমান দেম্বেলে ও ব্রাডলি বারকোলাকেও তুলে নেন তিনি। স্প্যানিশ কোচ বলেছেন, ‘এটা সবার জন্য বার্তা। যদি কেউ মনে করে মাঠে নড়বড়ে কোনও খেলোয়াড়কে আমি গ্রহণ করতে যাচ্ছি, সেটা ভুল।’







