তীব্র উত্তেজনায় ঠাসা ছিল আর্সেনাল ও পোর্তো ম্যাচ। উত্তাপ ছড়ায় ডাগআউটেও। শেষ বাঁশি বাজতেই দুই দলের কোচের মধ্যে বাকবিতণ্ডা হয়। পোর্তো ট্যাকটিশিয়ান সার্জিও কনসেইসাও অভিযোগ করলেন, আর্সেনালের কোচ মিকেল আর্তেতা তার পরিবারকে অপমান করেছেন।
পোর্তো ও আর্সেনাল চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দুই লেগেই নিজ মাঠে ১-০ গোলে জিতেছে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও দুই লেগ মিলিয়ে স্কোর ছিল ১-১। পরে টাইব্রেকারে নিষ্পত্তি হয় লড়াই। ডেভিড রায়ার দুটি সেভে গানাররা শেষ ষোলোর বাধা উতরে যায়। শ্বাসরুদ্ধকর জয় পায় ৪-২ গোলে। ২০১০ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠে আর্সেনাল।
ম্যাচ শেষ হতেই দুই কোচ ঝগড়ায় লিপ্ত হন। তাদের আলাদা করেন সহকর্মীরা। পরে এনিয়ে আর্তেতার কাছে জানতে চাইলে বলেন, ‘কোনও মন্তব্য নয়। অনেক ধন্যবাদ।’
তারপর সংবাদ সম্মেলনে কনসেইসাও বলেন, ‘ম্যাচ চলাকালে স্প্যানিশ ভাষায় বেঞ্চের দিকে আর্তেতা যা বলেছে, সেটা স্প্যানিশ কোচের সঙ্গে করা হয় কিনা জানি না। সে আমার পরিবারকে অপমান করেছে।’
আর্সেনাল ক্লাব সূত্রে জানা গেছে, আর্তেতা এই অভিযোগ প্রত্যাখ্যান কেরছেন। কনসেইসাও আরও বলেন, ‘তাকে তার দলের ট্রেনিংয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। ফল অন্যায্য। আমাদের দল পরের ধাপে যাওয়ার দাবি রাখে।’
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কোচদের বিরুদ্ধে কনসেইসাওর নানান অভিযোগ। ২০২০ সালে পপে গার্দিওলার বিরুদ্ধে ‘নোংরা শব্দ’ ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। ওইবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপের লড়াইয়ে ম্যানসিটির কাছে হারে তার দল।
তারপর ২০২১ সালের এপ্রিলে কোয়ার্টার ফাইনালে চেলসির কাছে পোর্তো বিদায় নেওয়ার পর তৎকালীন কোচ থমাস টুখেলের বিরুদ্ধেও অভিযোগের তীর ছোঁড়েন কনসেইসাও।









