কোপা আমেরিকায় ভিনিসিয়ুসের ওপর ফাউলের জন্য পেনাল্টির আবেদনটা ঠিকই করেছিল ব্রাজিল। কিন্তু রেফারি কিংবা ভার রিভিউতে কোনওটাই পাত্তা পায়নি। তবে একদিন পর দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল স্বীকার করলো রেফারিংয়ের ভুলের কথা। তারা জানিয়েছে, রেফারিং এবং ভার পেনাল্টি না দেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনাটা ঘটেছে কলম্বিয়া-ব্রাজিলের গ্রুপের শেষ ম্যাচের ৪২ মিনিটের সময়। তখন ব্রাজিল ১-০ তে এগিয়ে। ভিনিসিয়ুস বাম প্রান্ত থেকে বক্সে ঢুকেই পড়েছিলেন। ঠিক তখনই কলম্বিয়ার মুনোজ বক্সে ফেলে দেন তাকে। ব্রাজিল খেলোয়াড়রা বিপজ্জনক অঞ্চলে ফাউল হওয়ার ঘটনায় পেনাল্টির আবেদন করেছিল। কিন্তু ভেনেজুয়েলান রেফারি হেসুস ভ্যালেনজুয়েলা সেটাকে ফাউল দেননি। ভারের দায়িত্বে থাকা আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানোও একই সিদ্ধান্ত বহাল রাখেন এই ভেবে যে চ্যালেঞ্জের সময় মুনোজ বলের স্পর্শ পেয়েছিলেন।
কনমেবল অবশ্য বিবৃতিতে স্বীকার করলো তাদের ভুলের কথা, ‘পেনাল্টি এরিয়ায় চ্যালেঞ্জের সময় ওই ডিফেন্ডার বলের স্পর্শ পাননি। ফলে যা হয়েছে তার ক্ষেত্রে সিদ্ধান্তটা যৌক্তিক ছিল না। রেফারিরা বিষয়টা পর্যবেক্ষণ করতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। ভারও ব্যর্থ হয়েছে এই ক্ষেত্রে যে ওই ডিফেন্ডার বল স্পর্শ করেননি। তার পরেই ওই ডিফেন্ডার ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে বেপরোয়াভাবে ফেলে দিয়েছেন। যার ফলে ভার ভুলভাবে অনফিল্ডের সিদ্ধান্ত বহাল রেখেছে।’
এই ভুল ব্রাজিলের ভয়ানক ক্ষতিই করেছে। গ্রুপের শীর্ষ দল হয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে এড়াতে জয় প্রয়োজন ছিল। ওই গোলটা পেলে হয়তো ম্যাচটা জিতেই মাঠ ছাড়তে পারতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ১-১ ড্রয়ে গ্রুপ রানার্স হয়ে মাঠ ছেড়েছে।









