লিওনেল মেসির জনপ্রিয়তা এতটাই যে, মাঝেমধ্যে প্রতিপক্ষ দলের ভক্ত-সমর্থকরা তাকে দেখলে উন্মাদনায় মেতে ওঠে। নিজ দেশের খেলার মধ্যেই তার জার্সি পরে স্টেডিয়ামে হাজির হন। কিন্তু এই বৃহস্পতিবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে প্যারাগুয়ের ভক্ত-সমর্থকরা এমন কিছু করতে পারবেন না। সেই সুযোগই রাখছে না দেশটির ফুটবল ডিরেক্টর ফার্নান্দো ভিলাসবোয়া।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ সামনে রেখে এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঢেউ তুললেন। হয়তো আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের তীব্র রোষানলে পড়ে গেলেন তিনি। আসুনসিয়নের দিফেন্সোর্স দেল চাকো স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি, এমনকি তাদের অধিনায়ক মেসির নাম সংবলিত জার্সি পরা কাউকে ঢুকতে দেওয়া হবে না!
রেডিও লা রেড-কে দেওয়া সাক্ষাৎকারে ভিলাসোবা এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আর্জেন্টিনা জাতীয় দল, আর্জেন্টাইন ক্লাব কিংবা বিদেশি খেলোয়াড়দের নাম সংবলিত ক্লাব পরা কাউকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। আমরা চাই আমাদের খেলোয়াড়রা স্ট্যান্ড থেকে তাদের প্রাপ্য সম্মান পাক, দিফেন্সোর্স দেল চাকো শুধু আলবিরোহার রঙয়ে বর্ণিল হয়ে উঠুক। আমরা সবাই আমাদের নিজস্ব উপায়ে এই ম্যাচ খেলতে যাচ্ছি।’
এই বিতর্কিত নিয়ম মেসির বৈশ্বিক ভক্তদের মনে বড় আঘাত দিবে নিশ্চিতভাবে। এর আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও ভিনিসিয়ুস জুনিয়রের জার্সি পরা ভক্তদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়নি প্যারাগুয়ে। স্টেডিয়ামের ভেতর ও বাইরে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়।
বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে সবার উপরে। প্যারাগুয়ে ১৩ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে। সেরা ছয়টি দল সরাসরি জায়গা পাবে ২০২৬ বিশ্বকাপে।









