ওল্ড ট্র্যাফোর্ডে রুবেন আমোরিমের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে দুর্দান্ত জয় পেলো ম্যানইউ। রবিবার এভারটনের বিপক্ষে মার্কাস র্যাশফোর্ড ও জশুয়া জার্কজি জোড়া গোল করেছেন। আমোরিমের অধীনে লিগে ম্যানইউ প্রথম জয় পেলো ৪-০ গোলে। ইপসউইচ টাউনের সঙ্গে আগের ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল তারা।
ব্রুনো ফের্নান্দেসের কর্নার থেকে বল বক্সের মধ্যে পেয়ে ডানপায়ে শট নেন র্যাশফোর্ড। বল এভারটন ডিফেন্ডার জেরার্ড ব্রানথয়েটের বাড়িয়ে দেওয়া পায়ে লেগে জালে জড়ায়।
এই গোলের পর উজ্জীবিত হয়ে ওঠে ম্যানইউ। ম্যাচের বাকি সময় তারা দাপট দেখায়। জার্কজি ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ফের্নান্দেসের ক্রসে গোলমুখের খুব কাছ থেকে জাল কাঁপান তিনি।
হাফটাইমের পর ২০ সেকেন্ডের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন র্যাশফোর্ড। আমাদ দিয়ালোর থ্রু বলে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বক্সের মধ্যে ঢুকে পিকফোর্ডের পায়ের মাঝ দিয়ে জালে বল ঠেলে দেন তিনি।
জেমস তারকোস্কির কাছ থেকে ৬৪তম মিনিটে বল ছিনিয়ে নিয়ে জার্কজিকে দিয়ে চতুর্থ গোল করান আমাদ।
১৩ ম্যাচ শেষে তিন ধাপ উপরে উঠে টেবিলের নবম স্থানে ম্যানইউ। চার ম্যাচে গোলখরায় ভোগা এভারটন নিয়ে রেলিগেশন জোন থেকে দুই পয়েন্ট উপরে ১৫তম স্থানে।









