আবাহনী-মোহামেডানের দ্বৈরথ অর্ধশতবছরের, কিন্তু ঝাঁজের কমতি নেই। দুই দলের মুখোমুখি লড়াই দেখতে গ্যালারিতে ছড়ায় উত্তেজনার রেণু। তবে এই প্রতিদ্বন্দ্বিতা পুরানো হলেও দুই দলের ম্যাচের ফলাফলের বিস্তারিত রেকর্ড নেই বাফুফে কিংবা আবাহনী-মোহামেডানের কাছে। সেই কাজটি করেছেন মোহামেডানের অন্তঃপ্রাণ সমর্থক ও ক্রীড়া লেখক টি ইসলাম তারিক।
১৯৭২ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু, দুই দলের প্রথম দেখা ১৯৭৩ সালে। তারপর থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫০ বছরে আবাহনী-মোহামেডানের লিগ ও টুর্নামেন্টে প্রীতি ম্যাচের সকল ফলাফল নিয়ে তারিকের সংকলিত গ্রন্থ– ‘মোহামেডান-আবাহনী ময়দানি লড়াই’।
তারিক পেশায় একজন সরকারি চাকরিজীবী। যদিও তার ধ্যানজ্ঞান মোহামেডান। দলের ফুটবল ম্যাচ গ্যালারি থেকে উপভোগ করার চেষ্টা থাকে। দুই দলের ফুটবলের ঐতিহাসিক বই প্রকাশ করতে পেরে বেশ আপ্লুত তিনি, ‘মোহামেডান-আবাহনীতে যারা খেলেছেন অনেকের নাম ক্লাবে সংরক্ষিত নেই। এই বইয়ে প্রতি ম্যাচের ফলাফলের পাশাপাশি খেলোয়াড়দের তালিকা এবং রেফারির নামও রয়েছে। যা তাদের একটি স্বীকৃতিও। এটা আমার তৃপ্তির একটা জায়গা।’
বইটির লেখকের তথ্য মতে- ১৯৭৩-২০২৩ এই ৫০ বছরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ফুটবলে ১৩৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মোহামেডান ৪৭ বার (টাইব্রেকারে ১০) এবং আবাহনী ৪৯ বার (টাইব্রেকারে ৪) জিতেছে। অমীমাংসিত ছিল ৩৪ বার, পরিত্যক্ত ৫ এবং ওয়াকওভার হয়েছে একটি ম্যাচে। জয়-পরাজয়ের পাশাপাশি দুই দলের হেড টু হেডে গোল সংখ্যা, গোলদাতা, অধিনায়ক ও কোচের নামও রয়েছে এই বইয়ে।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে ‘মোহামেডান-আবাহনী ময়দানি লড়াই’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বর্ষীয়ান ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিকতার পথিকৃৎ মুহাম্মদ কামরুজ্জামান মোড়ক উন্মোচন করেন। এই সময় মোহামেডানের কিংবদন্তি প্রতাপ শঙ্কর হাজরা, ছাইদ হাসান কানন, ইমতিয়াজ আহমেদ নকীবের পাশাপাশি আবাহনীর কিংবদন্তি আব্দুস সাদেক, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ও কাজী আনোয়ার উপস্থিত ছিলেন। উপস্থিত সাবেক ফুটবলাররা তারিকের গ্রন্থকে সাধুবাদ জানিয়েছেন।
অন্বেষা থেকে প্রকাশিত ‘মোহামেডান-আবাহনী ময়দানি লড়াই’ বইয়ের দাম ১৫০০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে ১১২৫ টাকায় বইটি সংগ্রহ করা যাবে অন্বেষা প্রকাশনী এবং রকমারি ডটকম থেকে।








