গত মৌসুমে একরাশ হতাশার মাঝেও ম্যানইউকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল এফএ কাপ। ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে হারিয়ে এই প্রতিযোগিতায় ১৩তম ট্রফি জিতেছিল তারা। অথচ নতুন আসরে শেষ ষোলোর বাধা টপকাতে পারলো না ইংলিশ ফুটবলের একসময়ের দাপুটে ক্লাব। এক বছরেরও বেশি সময় পর ম্যানইউকে ওল্ড ট্র্যাফোর্ডে হারিয়ে দিলো ফুলহ্যাম। কিপার বার্ন লেনোর বীরোচিত পারফরম্যান্সে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে তারা।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে আক্রমণের পসরা সাজিয়েও ম্যানচেস্টার ইউনাইটেড হার মেনেছে। তাদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান ফুলহ্যাম কিপার লেনো। ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসের গোল খেলা অতিরিক্ত সময়ে নিলেও টাইব্রেকারে এই স্টপার বীরত্ব দেখান। দুটি শট ঠেকিয়ে ম্যানইউর বিদায় নিশ্চিত করেন তিনি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ এ শেষ হয়। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে কেউই গোলের দেখা পায়নি। টাইব্রেকারে দুই দলই প্রথম তিনটি শট লক্ষ্যে রাখতে পারলেও চতুর্থ ও পঞ্চম শটে ম্যানইউর ভিক্টর লিন্ডেলফ ও জোশুয়া জির্কজি ব্যর্থ হন। তাদেরকে রুখে দেন লেনো। মাঝে চতুর্থ শট থেকে গোল করে ফুলহ্যাম এগিয়ে ছিল।
এর আগে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধের স্টপেজ টাইমে ক্যালভিন বাসি ফুলহ্যামকে এগিয়ে নেন। ৭১তম মিনিটে ফের্নান্দেস গোল করে সমতা ফেরান।
কোয়ার্টার ফাইনালে ফেভারিট ম্যানচেস্টার সিটি খেলবে বোর্নমাউথের মাঠে। ফুলহ্যাম স্বাগত জানাবে ক্রিস্টাল প্যালেসকে। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট কিংবা ইপসউইচ। প্রেস্টন নর্থ এন্ডের খেলা অ্যাস্টন ভিলার বিপক্ষে। ২৯ মার্চ হবে ম্যাচগুলো।









