ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্জেন্টিনা ডিফেন্ডার মার্কোস রোহো নতুন ক্লাবে গেছেন। কিন্তু সেখানে গিয়ে জার্সির পেছন থেকে নামের কিছু অংশ ফেলে দিতে হচ্ছে!
এই মৌসুমে আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্স রোহোর সঙ্গে চুক্তি বাতিল করে। আরেক প্রথম বিভাগীয় দল রেসিং ক্লাবে গেছেন ফ্রি এজেন্ট হিসেবে। কিন্তু তার নতুন জার্সিতে পুরো নাম রাখতে পারবেন না ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলা এই ডিফেন্ডার।
বোকায় সতীর্থ ক্রিস্টিয়ান লেমা ও মার্সেলো সারাচ্চির সঙ্গে ঝামেলা পাকিয়ে প্রথম দল ও ড্রেসিংরুমে নিষিদ্ধ হন রোহো। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডারের সঙ্গে পরে চুক্তিও বাতিল করে দলটি। গত রবিবার রেসিং ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি করেন তিনি।
দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, আগের ক্লাবগুলোতে রোহোর জার্সির পেছনে পুরো নামই থাকতো। কিন্তু রেসিং তাতে আপত্তি জানিয়েছে। কারণ তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ইন্দেপেন্দিয়েন্তের ডাক নাম ‘এল রোহো’ যার অর্থ ‘দ্য রেডস’। তাদের প্রতিদ্বন্দ্বীর নামে প্রচার এড়াতে ক্লাবটি রোহোকে পুরো নাম ব্যবহার না করার অনুরোধ করে। পরিবর্তে তিনি ব্যবহার করবেন ‘মার্কোস আর’।









