গত মাসে রিভার প্লেট থেকে আর্জেন্টিনার তরুণ সম্ভাবনাময় ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর সঙ্গে চুক্তি করেছিল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার ১৮ বছর বয়সীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় স্প্যানিশ ক্লাব। আর প্রথম সংবাদ সম্মেলনে মাদ্রিদ ভক্তদের মাঝে আলোড়ন তুলেছেন তিনি। এক বক্তব্যে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা লিজেন্ড লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন এই আর্জেন্টাইন।
মাস্তানতুয়োনোকে প্রশ্ন করা হয় রিয়ালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো নাকি মেসি সেরা? কোনও রাখঢাক না রেখে তার উত্তর, ‘আমার কাছে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমি আর্জেন্টাইন এবং আমার চোখে তিনিই সেরা।’
ক্লাবের সমর্থকদের হতভম্ব করার পরপর এই তরুণ ফরোয়ার্ড তাদের শান্ত রাখার চেষ্টা করেন, ‘আমার মতে, রিয়াল মাদ্রিদ বিশ্বের শ্রেষ্ঠ ক্লাব। সবসময় তারা এটাই ছিল আমার বিশ্বাস।’
রিয়ালে খেলে যাওয়া আর্জেন্টাইনদের মতোই ছাপ রাখতে চান মাস্তানতুয়োনো, ‘রিয়াল মাদ্রিদে কিছু আর্জেন্টাইন খেলোয়াড়কে আমি খেলতে দেখেছি। আলফ্রেদো দি স্তেফানোকে খেলতে দেখিনি, কিন্তু দি মারিয়া ও হিগুয়েনের খেলা অনেক দেখেছি। তাদের খেলার ধরন আমাকে সত্যিই মুগ্ধ করে।’









